দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নতুন দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৬ এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। চার দফা বাড়ার পর সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ হয়।
সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে কয়েক সপ্তাহজুড়েই চলে দামের নাটকীয় ওঠানামা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনার দামে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বার বার দাম সমন্বয়ের কারণে বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির পর দেশের বাজারেও ভালো মানের এক ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দর কমতেই দেশের বাজারেও বড় ধরনের সমন্বয় শুরু হয়। করোনার পরের পাঁচ বছরে বিশ্বে সোনার দাম ঝড়োগতিতে বেড়েছে। দেশে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার এই ধাতুটির দাম ভরিতে ছাড়ায় এক লাখ টাকা।


