এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ডলারের বেশি

এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৫ লাখ ডলার দেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।  

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলারের রেমিট্যান্স। এর আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রব্রিদ্ধির হার প্রায় ২০ শতাংশ। 

এর আগে গত মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। 

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ও  ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।