শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর লাগবে না

দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাস (ইভি) আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে সরকার। এতদিন এসব বাস আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক-কর হার ছিল ৬১ দশমিক ৮ শতাংশ।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তবে এই শুল্ক ছাড়ের সুবিধা পেতে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 

এসব শর্তের মধ্যে রয়েছে, আমদানি করা বাসগুলো অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে এবং সেগুলোতে অন্তত সাত বছর বা তিন লাখ কিলোমিটারের ওয়ারেন্টি থাকতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি, উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই সুবিধা পাবে। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্টুডেন্ট ট্রান্সপোর্ট পুলে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ থাকলেও এই সুবিধার আওতায় বৈদ্যুতিক বাস আমদানি করা যাবে।