দেশের বাজারেও সোনার দাম কমেছে টানা তিন দফা বাড়ার পর। এবার সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
বাজুস জানিয়ৈছে, সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমায় দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
সোনার দাম কমালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।


