জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে আছে। এর ফলে টানা ১০ বছরের মতো রাজস্ব ঘাটতির মুখে পড়ছে সংস্থাটি। বিশাল ঘাটতি পূরণের জন্য অর্থবছরের শেষ দুই মাসে প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা আদায়ের বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
১০ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি ২৭ লাখ টাকার বিপরীতে আদায় ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। এসময় প্রবৃদ্ধি হয়েছে ১০.৬০ শতাংশ।
কাস্টমস, ভ্যাট ও আয়কর তিন খাতের মধ্যে আয়কর বিভাগে সর্বোচ্চ ১১.৫৯ শতাংশ প্রবৃদ্ধি, পাশাপাশি ঘাটতিও সর্বোচ্চ।
বিশেষজ্ঞদের মতে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমদানি কমে যাওয়া, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং অতিরিক্ত উচ্চ রাজস্ব লক্ষ্য নির্ধারণের কারণে এনবিআর ধারাবাহিকভাবে লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব ঘাটতির কারণে সরকারকে বেশি ঋণনির্ভর হতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণ উল্লেখযোগ্য বেড়েছে।