ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কমিশন হবে: তথ্যমন্ত্রী

দেশের ভঙ্গুর ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে একটি সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে পুঁজিবাজারে কারসাজি রোধে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে দেশের ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, ‘সুশাসনের ঘাটতির কারণেই দেশের ব্যাংক খাত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। স্বচ্ছতার অভাবে এ খাতে নানা সংকট তৈরি হয়েছে। তবে আমানতকারীদের আস্থা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক কোনো রাজনৈতিক হস্তক্ষেপের কাছে নতি স্বীকার করবে না।’

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ব্যাংক খাতে সুশাসনের প্রশ্নটি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় সামগ্রিক সুশাসন নিশ্চিত না হলে শুধু গণমাধ্যমের উপস্থিতিতে এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিগত সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে রাষ্ট্রীয় পরিসংখ্যান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তথ্য বিকৃতি ও জালিয়াতির মাধ্যমে অর্থনীতির বাস্তব পরিস্থিতিকে আড়াল করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তথ্য বা পারফরম্যান্স–সংক্রান্ত পরিসংখ্যান এভাবে পরিবর্তন করা সম্ভব নয়।

সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে ব্যাংক খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ওপর ব্যবসায়ী ও রাজনৈতিক চাপ বন্ধ করার তাগিদ দিয়ে তারা বলেন, সরকারের কার্যকর পদক্ষেপ ছাড়া এই খাতে সুশাসন নিশ্চিত করা যাবে না।