বাজেটে টেলিকম খাতে সুখবরের আভাস, কমতে পারে সিমের দাম

করের চাপে থাকা টেলিকম গ্রাহকদের জন্য ভালো খবর আসতে পারে নতুন বাজেটে। আইওটি সিমের কর তুলে দেওয়া এবং ফিজিক্যাল সিমের ট্যাক্স কমানোর প্রস্তাব আসতে পারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

প্রান্তিক গ্রাহকদের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এমন উদ্যোগ নিতে পারেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাড়তি শুল্কের হাত থেকে গ্রাহকদের রেহাই দিতে এবারই প্রথম সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাবও আসতে পারে বলে জানা গেছে।

রিপ্লেস করা সিমে পুনরায় করারোপকে ডিজিটাল সেবার আওতা বাড়ানোর পথে বড় অন্তরায় হিসেবে দেখছেন টেলিকম বিশেষজ্ঞরা। বিদ্যমান কর কাঠামো টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।

রবি আজিয়াটা পিএলসি-র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, 'করারোপ যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা সেখান থেকে আর এগোতে পারছি না। সরকার বিষয়টি খেয়াল করেছে এবং কাজ করছে।'
সাধারণ গ্রাহকরা শুধু সিমের দাম নয়, কলরেট ও ইন্টারনেট সেবায়ও করহার কমানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্বল নেটওয়ার্কের অভিযোগও রয়েছে তাদের।

টেলিযোগাযোগ বিশ্লেষকরা বলছেন, মানসম্পন্ন নেটওয়ার্ক সম্প্রসারণ না হলে দেশের প্রান্তিক পর্যায়ের গ্রাহকের কাছে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে না। এ অবস্থা থেকে উত্তরণে কর কাঠামো ও বিনিয়োগ নীতিতে ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা।