৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন আজ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রেকর্ড বাজেটে এনবিআরকে আদায় করে দিতে হবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা।

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ায় লক্ষ্য বর্তমান সরকারের।

জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এজন্য অর্থের জোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকা। যার প্রায় ৮৬ শতাংশ আদায় করার দায়িত্ব এনবিআরের।

বাজেটে জিডিপির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫ শতাংশ, মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে আটকে রাখতে চান অর্থমন্ত্রী।

বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা পূরণে বিদেশি উৎস ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

এবারের বাজেটের অন্যতম দিক হতে পারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তার। সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হতে পারে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা।

সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হচ্ছে ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা। আগামী ৫ বছরের জন্য করমুক্ত সীমা নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

এবার এডিপির আকার বেড়ে দেড়গুণ হচ্ছে। বড় বরাদ্দ থাকছে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বাজেটে ব্যয়ের বড় অংশ যাবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে।