গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমুলক অর্থনীতির অভিযাত্রা– শিরোনামে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের প্রত্যাশা প্রায় ৭ লাখ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৬ শতাংশ।
এই বাজেটকে উচ্চাভিলাসী নয়, বরং বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। তবে এক্ষেত্রে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার তাগিদ দিয়েছেন তিনি।
আবু আহমেদ বলেন, ‘যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা হচ্ছে, ঘাটতি বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে। তবে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন ঘাটতি বাজেট যাতে না বাড়ে। আরেকটা বিষয় উনি বলেছেন, বাস্তবায়ন করলে ভালো– সেটা হলো সরকারের পরিচালনা ব্যয়।’
এদিকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাজেট বাস্তবায়নের ভিত কিছুটা দুর্বল। সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের ফাঁকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব মতামত দেন অর্থনীতিবিদরা।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে, সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একইসঙ্গে উদারিকরণের ওপর বড় জোর দিয়েছে। আরেকটা বিষয় আছে, সেটা হলো– এটার ভেতরে মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে।’