রাজস্ব ব্যবস্থা সংস্কারে তিনটি বড় পরিবর্তন হচ্ছে: অর্থ উপদেষ্টা 

রাজস্ব ব্যবস্থার সংস্কারে তিনটি বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বুধবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী এক সংলাপে এ কথা বলেন তিনি। 

এসময় প্রস্তাবিত বাজেট সময়োপযোগী হলেও সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানান ব্যবসায়ীরা। 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন শিল্প সংশ্লিষ্টরা। 

বক্তারা বলেন, ব্যবসা সহজীকরণসহ নানা বিষয় বাজেটে তুলে ধরা হয়েছে, যা ইতিবাচক। তবে উচ্চাভিলাষী রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বিশেষ করে বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ করতে গিয়ে চাপে পড়বেন সাধারণ কর দাতারা, এমন শঙ্কা তাদের। সুফল পেতে দুর্নীতি কমানোর পাশাপাশি ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। 

এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, বাজেটে কর ও রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং ব্যবসা সহজীকরণের মতো বেশকিছু ব্যবসাবান্ধব সংস্কারের প্রস্তাব থাকলেও বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে যৌক্তিক উদ্বেগ বিদ্যমান রয়েছে। 
   
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দুর্নীতি কীভাবে বন্ধ করা যাবে সেটার একটা মেজার থাকলে ভালো হতো। ব্যাংকিং সেক্টর রিফর্মের ইলিমেন্টে আরেকটু ডিটেইল করা করা দরকার ছিল। পলিসি সেপারেশন ইন এনবিআর; অ্যাডমিনিস্ট্রশেন কালেকশন সেপারেশনটা পলিসিটা একটা ইমপোর্টেন্ট ব্যাপার ছিল– ওগুলো যদি একটু ডিটেইল করা যেত আমাদের জন্য ভালো হতো।       

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। কর ফাঁকি, অব্যাহতি ও  জালিয়াতি কমাতে পারলে রাজস্ব আয় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। রাজস্বসহ প্রতিটি খাতের জন্য মাসভিত্তিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। 

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তিনটা ক্ষেত্রে টাস্ক ফোর্স করা হয়েছে। প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই বাজেট শুরু হলে প্রতি মাসে তিনটি সেকশন আলাদা আলাদা মাইলস্টোন পাবে। 
 
সঠিক সময়ে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।