কৃষি খাতে সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে আরও বেশি বিনিয়োগ ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে প্রায় ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের প্রায় ৩৭ হাজার কোটি টাকা থেকে কিছুটা বেশি। তবে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিলে প্রকৃত অর্থে এ খাতে বরাদ্দের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি।’
রিজভী আরও বলেন, ‘বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। জাতীয় বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বাড়লেও সেই তুলনায় কৃষি খাতে বরাদ্দ প্রত্যাশিত হারে বাড়েনি।’
কৃষির উন্নয়নে সরকারের ভিশন বাস্তবায়নে আরও পরিকল্পিত বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা। উন্নত দেশগুলোর আধুনিক সংরক্ষণ প্রযুক্তি দ্রুত দেশে আনার আহ্বান জানান তিনি।