অনিশ্চয়তা পেরিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৪ শতাংশের বেশি। একই সঙ্গে একক মাস হিসেবে গত জুনে দেশটিতে রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

গত অর্থবছরজুড়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হয়। চার দফায় বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার পরিবর্তন করা হয়। এতে প্রধান রপ্তানি বাজারে অবস্থান ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হয়।

তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, আগের অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৮৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের বেশি। শুধু গত জুন মাসেই দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বাজারের অনিশ্চয়তা এখনও রপ্তানি খাতে কিছুটা প্রভাব ফেলছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্চমূল্যের ওভেন পোশাক, প্রযুক্তিনির্ভর এবং মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।