গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীতে জনদুর্ভোগ তীব্র হচ্ছে। অনেক বাসাবাড়িতে রান্নার চুলা এখন আর জ্বলছেই না। বিশেষ করে মিরপুরে বাসাবাড়িতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।
গেল কয়েক দিন গ্যাসের চাপ কম থাকলেও রান্নার কাজ কিছুটা চলেছে। তবে বুধবার থেকে পাইপ লাইনে একেবারেই আসছে না গ্যাস। দিনের কোন সময়ে রান্নার সুযোগ মিলবে জানে না বাসিন্দারা।
জ্বালানি গ্যাস সরবরাহ সংকট সিএনজি স্টেশনেও। চার–পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না এখানে। সিএনজি, ব্যাক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিংয়ের চালকদের দৈনিক আয় কমে গেছে। অতিরিক্ত ভাড়ায় ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
দিনভর কম্প্রেসর চালিয়েও সিএনজি স্টেশনের সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। সরবরাহ না থাকায় কিছু সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে।
সারা দেশে গ্যাস সংকট নিরসন করতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কারওয়ানবাজারে তিতাস গ্যাস ভবনের সামনে প্রতিবাদ সভায় নেতার জানান, গ্যাস সংকটের দায় বর্তমান সরকারকেই নিতে হবে। সংকটের দ্রুত সমাধানে পাঁচ দফা দাবি জানায় সিপিবি। এক সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।