১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দাম বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য (মূসকসহ) ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছে। এর আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।