দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের আমদানির অনুমতি দেওয়ার পর দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে তিনটি ট্রাকে মোট ২১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আনা হয়েছে।
আমদানিকারকদের আশা, আমদানি শুরু হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে এবং এর ফলে দামও কমে আসবে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার সম্প্রতি কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ৬৯ জন আমদানিকারক প্রায় ৩০ হাজার মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
তিনি আরও জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল। এরপর প্রায় সাড়ে আট মাস পর আবারও এ পণ্যটির আমদানি শুরু হলো।