চট্টগ্রাম বন্দরে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে একদল সন্ত্রাসীর হামলা। তবে বাস্তবে নয়, এমন মহড়া হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। সন্ত্রাসী হামলা মোকাবিলার পাশাপাশি আগুন, বিস্ফোরক ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রস্তুতি যাচাই করেছে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশের অর্থনীতির প্রধানদ্বার চট্টগ্রাম বন্দরে প্রবেশের চেষ্টা করছে একদল সন্ত্রাসী। লাঠিসোটা হাতে চার নম্বর ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে, প্রথমেই তাদের নিয়ন্ত্রণে ছুটে যায় আনসার। এসময় দেশীয় অস্ত্র হাতে চড়াও হয় সন্ত্রাসী দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে যোগ দেয় কুইক রেসপন্স টিম, সোয়াট ও সেনাবাহিনী। একসময় সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। বন্দর ঘিরে এমন আতঙ্কের পরিস্থিতি মূলত সাজানো। দুপুরে বন্দরের নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই এই আয়োজন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার অফিসার ইফফাত সারোয়ার শাওন বলেন, ‘শুধু সন্ত্রাসী মোকাবিলা নয়, একইসাথে হয়েছে আগুন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জালিয়াতির মাধ্যমে বন্দরে প্রবেশ ঠেকানোর মহড়াও। বন্দরের বিপদ চিহ্নিত করে সেগুলো কীভাবে সামাল দেওয়া যায়, মূলত তারই রিহার্সেল বলা যায় একে।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, বৈশ্বিক নিরাপদ বন্দরের মানদণ্ডে সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রাম বন্দরের অবস্থান বেশ ভালো। আর্ন্তজাতিক নিরাপদ বন্দর পর্যবেক্ষক সংস্থা আইএসপিএস-এর নিরীক্ষায় পাওয়া যায়নি কোনো ঘাটতি। সামনেও এই ধারা অব্যাহত রাখতে চায় তারা। তবে বন্দরে একযোগে অনেকগুলো সংস্থা কাজ করায়, সবার সমন্বয়কেই গুরুত্ব দিতে চায় বন্দর।
মহড়ায় বন্দরের নিরাপত্তা বিভাগ ছাড়াও অংশগ্রহণ করেন বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।


