রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইনডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল - আইবিসি'র নেতারা।
তাঁরা বলেছেন, শ্রম আইন অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো তৈরি করতে হবে। তবে এখনও মজুরি বোর্ড গঠনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
চলতি বছর সংশোধিত শ্রম আইনে মজুরি বোর্ড গঠনের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছরে পুনর্নির্ধারণ করা হয়। সর্বশেষ ন্যূনতম মজুরিকাঠামো ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়, যেখানে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ মজুরিকাঠামো কার্যকর হওয়ার পর থেকে চলতি বছরের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে।
অর্থাৎ, সংশোধিত শ্রম আইন অনুযায়ী, ডিসেম্বরে নতুন মজুরিকাঠামো ঘোষণা করতে হবে। বর্তমানে আইবিসি'র অধীনে ১৬টি শ্রমিক ফেডারেশন রয়েছে।