মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খোলার আশায় বিশ্ববাজারে সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে আল জাজিরা।
রয়টার্সের তথ্যমতে, হরমুজ প্রণালি পুনরায় খোলার আশা বাড়ায় আজ টানা চতুর্থ দিনের মতো সোনার দাম বেড়েছে এবং তা সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২৮৫.৬৯ ডলারে দাঁড়িয়েছে, যা ১৮ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার ০.৯ শতাংশ বেড়ে ৪৩৪৫.৫০ ডলারে পৌঁছেছে।
প্রতিবেদন বলছে, মার্কিন ডলারের দাম কমা এবং ট্রেজারি ইল্ড কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ শুরু হয়। কখনও অবরোধ খোলে, কখনও বন্ধ করে দেওয়া হয় এই প্রণালি।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা সংঘাত থামাতে চুক্তির খবর এবং প্রণালিটি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনার খবরে কিছুটা স্বস্তি দেখা দেয়।