যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে

চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ। তবে সার্বিকভাবেও যুক্তরাষ্ট্র এসময়ে আগের বছরের তুলনায় পোশাক কম আমদানি করেছে। 

এদিকে, বছরের প্রথম ছয় মাসে প্রায় ২০০ কোটি ডলারের তৈরি পোশাকের বাজার হারিয়েছে চীন। তবে চীনের হারানো বাজারে অংশ নিতে পারেনি বাংলাদেশ। বরং ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগীরা রপ্তানি বাড়িয়ে সুযোগটি কাজে লাগিয়েছে। 

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল- ওটেক্সা'র সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র মোট ৩ হাজার ৫০৯ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কম। 

উল্লেখ্য, বাংলাদেশি তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে এই বাজারে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এসময়ে যুক্তরাষ্ট্রে ৪০১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।