এখন থেকে দেশে বসেই বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় কিনতে পারবেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সদস্যদের এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যবস্থায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে দেশের নাগরিকদের কাছ থেকে টাকায় অর্থ নিতে পারবেন ট্যুর অপারেটররা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদেশি ট্যুর অপারেটর কিংবা হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, এমন টোয়াব সদস্য ট্যুর অপারেটররা এ সুবিধা পাবেন।
এছাড়া, নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে একজন ভ্রমণকারীর জন্য প্রতি বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। তবে প্যাকেজের মূল্য ৩ হাজার ডলারের বেশি হলে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় নিতে হবে।