নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, জীবনযাত্রার যে ব্যয় সেটি নিয়ে মোটেই সন্তুষ্ট নই, কমলে সন্তুষ্ট হবো। অবকাঠামো যখন ভালো হবে, যোগাযোগ স্মুথ হবে জ্বালানি নির্ভরযোগ্য অবস্থায় থাকবে তখন জীবনযাত্রার ব্যয় কমবে; এমন অনেকগুলো শর্ত আছে ব্যয় কমানোর ক্ষেত্রে।
তিনি বলেন, এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি। বাণিজ্য যত বাড়বে সব পক্ষের জন্যই ভালো হবে।
মন্ত্রী বলেন, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল তাদের কিছু সমস্যার কথা বলেছে। বেনাপোলে কার্গো হ্যান্ডেলিং আরও স্মুথ করার কথা বলেছে। স্থল বন্দরের কার্যক্রম স্মুথ হলে পণ্য আমাদানি রপ্তানিতে খরচ কমবে বলে তারা জনিয়েছেন।
তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের টাস্কফোর্স গঠনের কথা বলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এটা ভালো প্রস্তাব। বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছেন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সম্পর্ক এগোনো দুই দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য ভালো।