বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। নিলামে নতুন কোনো গাড়ির বিক্রির ক্ষেত্রে এটি একটি নতুন বিশ্বরেকর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক দাতব্য নিলামে ‘ফেরারি লুচে’ মডেলের গাড়িটি এর স্বাভাবিক দামের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়। গাড়িটির নকশা করেছেন আইফোনের প্রখ্যাত ব্রিটিশ নকশাকার স্যার জনি আইভ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে গাড়িটি যখন প্রথম উন্মোচন করা হয়, তখন তা বেশ সমালোচনার মুখে পড়েছিল। অনেক বিশ্লেষকের মতে, ব্যাটারিচালিত ও পাঁচ আসনবিশিষ্ট গাড়িটি ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে অনেকটাই আলাদা।
নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষাবিষয়ক কর্মসূচিতে দান করা হবে। তবে কাস্টমাইজড এই গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
ফেরারি লুচের আত্মপ্রকাশের মাধ্যমে বিখ্যাত ইতালীয় ব্র্যান্ড ফেরারি আনুষ্ঠানিকভাবে ইভি (বৈদ্যুতিক গাড়ি) বাজারে প্রবেশ করল।
এর আগে ২০২৫ সালে সোথেবিসের একই ধরনের দাতব্য নিলামে ফেরারির বেসপোক সুপারকার ‘ডেটোনা এসপি৩’ ২৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙল একই প্রতিষ্ঠানের তৈরি ‘লুচে’।
এখন পর্যন্ত পুরোনো ও নতুন মিলে যেকোনো গাড়ির নিলামে সর্বোচ্চ বিক্রির সর্বকালের রেকর্ডটি ১৯৫৫ মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহাউট কুপের দখলে। ২০২২ সালে ১৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল গাড়িটি।



