সরকারের রাজস্ব না বাড়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার ডলার করে বাড়ছে। অর্থাৎ প্রতিদিন বাড়ছে প্রায় ৭৮০ কোটি ডলার। এতে দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে।
এরই মধ্যে দেশটির মোট জাতীয় ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।
মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন খাতে সরকারের ব্যয় বেড়েছে, কিন্তু কর কমানোর কারণে সরকারের রাজস্ব সেই হারে বাড়েনি। ফলে ব্যয় ও আয়ের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।
এর পাশাপাশি ২০০৮ সালের আর্থিক সংকট ও কোভিড মোকাবিলায় বিপুল পরিমাণ ঋণ করতে হয় দেশটিকে। সঙ্গে মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে সুদের হার বাড়ানোর কারণে ঋণের পরিমাণ আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক 'কমিটি ফর আ রেসপনসিবল ফেডারেল বাজেট'-এর প্রেসিডেন্ট মায়া ম্যাকগিনিয়াস বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ২০০ বছর।