সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই শুরু হয় এ প্রক্রিয়া। এ পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। যাতে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি। এই ব্যাংকগুলো একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানত উত্তোলনের আবেদন তুলনামূলক কম হওয়া, নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের ইঙ্গিত। 

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে এখনই অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।