ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
অয়েল প্রাইস ডট কম-এর দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৭ ডলার ৬৩ সেন্ট, যেটা মে মাসের পরে সর্বোচ্চ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম নির্ধারণের মানদণ্ড- ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট - ডব্লিউটিআই এর দামও ১০০ ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম দাঁড়ায় ১০৩ ডলার ৮২ সেন্ট।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে সম্প্রতি জটিল রূপ নিয়েছে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যকার সংঘাত। ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়ে জ্বালানি পণ্যের বাজারেও। আগস্টের শেষ সপ্তাহ থেকে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম।