সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন মাসের মধ্যে সর্বনিম্ন। লেনদেন হয়েছে মাত্র ৫৭১ কোটি ৩১ লাখ টাকা। শেয়ারদর কমেছে ৮৭ ভাগ কোম্পানির।
ঢাকার শেয়ারবাজারে সকাল থেকেই শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ৯৬ দশমিক ছয় এক পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সামগ্রিক অর্থনৈতিক মন্দায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া গত ২ বছরে বাজারে নতুন কোনো প্রতিষ্ঠান না আসাকেও দরপতনের কারণ বলছেন তারা।
সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি।
লেনদেনে অংশ নেয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির। দর কমেছে ৩৩৬ টির। এবং অপরিবর্তিত রয়েছে ২১ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এনভয় টেক্সটাইলস। দ্বিতীয় শার্প ইন্ডাস্ট্রিজ। তৃতীয় প্যারামাউন্ট টেক্সটাইল।
এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে প্রাইম ফাইন্যান্স। দ্বিতীয় ইবিএল। তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৫০ দশমিক আট সাত পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৪ কোটি ২৪ লাখ টাকা।