বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে আমদানি হয়েছে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ। আমদানি করা ভারতীয় ইলিশকে দেশের ইলিশ দাবি করে বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাদ ও গন্ধ দেশি ইলিশের মতো নয় বলে অভিযোগ ক্রেতাদের।
দেখতে দেশি ইলিশের মতো, আকারেও বড়। ভারত থেকে আমদানি করে এসব ইলিশ মাছ বিক্রি হচ্ছে বেনাপোলসহ দেশের বিভিন্ন এলাকায়।
অনেক বিক্রেতাই একে পদ্মার ইলিশ বলে বিক্রি করছেন। দাম নেওয়া হচ্ছে আকারভেদে প্রতি কেজি ১২০০ টাকা থেকে ৩০০০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, এসব ইলিশের স্বাদ কিংবা গন্ধ কোনোটাই দেশি ইলিশের মতো নয়। বাড়তি দামে এগুলো কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহক।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, ‘চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। জুলাইয়ে এসেছে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি। আমদানি করা এসব ইলিশের মূল্য দেখানো হয়েছে প্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা। মোট ২২ জন আমদানিকারক এই ইলিশ এনেছেন।’
শুল্ক, ট্রাক ভাড়াসহ সব মিলিয়ে আমদানি করা ইলিশের দাম পড়ছে প্রতি কেজিতে ৪০০ থেকে ৬০০ টাকা।