জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয়, সেজন্য বাজারে কঠোর মনিটরিং করবে সরকার।’
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলোতে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। একই সঙ্গে চা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বাগানগুলোতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
এর আগে বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।