জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা

নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের পোশাক রপ্তানির জন্য ঝুঁকিপূর্ণ। তাই নতুন বাজার হিসেবে জাপানে রপ্তানি বাড়াতে চান তৈরি পোশাক রপ্তানিকারকরা।

বুধবার বিজিএমইএ ভবনে জাপান ডেস্কর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, জাপানে পোশাক খাতের সম্ভাবনা থাকলেও, বড় বাধা লিড টাইম। 

মাহমুদুল হাসান জানান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার তুলনায় জাপান থেকে ভৌগোলিকভাবে দূরে হওয়ায় বাংলাদেশি পণ্য পৌঁছাতে বেশি সময় লাগে। যা প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন বিজিএমইএ সভাপতি। 

এক্ষেত্রে পরিবহন ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে জাপান সরকারের সহযোগিতা চান তিনি। 

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়িক সহযোগিতা, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে জাপান।