জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।’
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সিলেটকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুরোনো কারাগারের জায়গায় আধুনিক ও বিশ্বমানের পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কিনব্রিজের পাশে ঝুলন্ত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। যাচাইয়ের ফলাফল পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাদাঘাট বাইপাস ও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। ২০২৮ সালের মধ্যে এসব প্রকল্পের পূর্ণাঙ্গ চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, নগরীর জালালাবাদ পার্ক পুনরুজ্জীবিত করতে সিলেট সিটি করপোরেশন কাজ করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।