আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে কোনো পণ্যেরই সংকট তৈরি হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়লেও আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চালচ্ছে সরকার।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সভায় আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের নানা সংকট ও দাবি তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী জানান, বছরজুড়ে ফলসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার।
এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবসায়ীরা যাতে সহজে ট্রেড লাইসেন্স করতে পারেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।


