চলতি অর্থবছরে ৩ মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ে বড় হোঁচট খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা। এ সময় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। সবচেয়ে বড় বিপর্যয় ভ্যাটে। লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম ২০ হাজার কোটি টাকার বেশি। 

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। যা আদায়ে এখনো ধীরগতি। 

রাজস্ব আদায়ের হিসাব বলছে, অর্থবছরের শুরুতেই বড়সড় হোঁচট খেয়েছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে আদায় ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অথচ লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি। 

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে ভ্যাটে। তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সিদ্ধান্তের প্রভাবে প্রথম প্রান্তিকে আদায় কমেছে ১৬ দশমিক ৩২ শতাংশ। আদায় মাত্র ২৯ হাজার ৩৪৮ কোটি। অথচ লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। অর্থাৎ, শুধু ভ্যাটেই ঘাটতি ২০ হাজার কোটি টাকার বেশি।

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান, রাজস্ব আদায়ে এমন ধীরগতি অব্যাহত থাকলে সরকারের উন্নয়ন ব্যয়, বাজেট বাস্তবায়ন ও ঘাটতি অর্থায়নের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে শুল্ক ও কর আদায় ৩০ হাজার ১২৯ কোটি টাকা। প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হলেও, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে প্রায় ১২ হাজার ১৩৫ কোটি টাকা।