দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল উদ্যোগের প্রসার এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে গত ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানো, আরও বেশি দর্শক-শ্রোতার সঙ্গে সংযোগ তৈরি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে পরিবর্তিত মানুষের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দিয়ে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও উদ্ভিদ পরিচর্যার মতো বিষয়েও কনটেন্ট তৈরি করা হবে। সমসাময়িক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়্যালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা তুলে আনা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে কাজের সুযোগ খোঁজা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট ও বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে তারা।


