বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ 

বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি এ তথ্য জানিয়েছে। গত বছর একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল মাত্র ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- আইডিএ অর্থছাড়ের শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ইআরডি। 

এদিকে একই সময়ে বিদেশি সহায়তা ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। তবে এ সময় বেড়েছে ঋণ পরিশোধের চাপ। 

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছে ১৩৫ কোটি ১২ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি।