বিশ্বব্যাংকের সহায়তায় দেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এতে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি সুযোগ হয়েছে। 

বিশ্বব্যাংক বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। ওই পোস্টে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং ব্যবসায়িক উদ্যোগের জন্য নতুন সুযোগ সৃষ্টিতেও বেসরকারি মূলধন সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সংস্থাটির সহায়তায় আসা বিনিয়োগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি করেছে। এর মাধ্যমে শিল্প খাতে নতুন উদ্যোগ গড়ে তোলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। 

এ ধরনের বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বিভিন্ন অভিঘাত মোকাবিলায় সক্ষম করে তোলার চেষ্টায় অবদান রাখছে। দেশে বেসরকারি মূলধন আকৃষ্ট করা এবং বিনিয়োগনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে বিশ্বব্যাংক এ অর্জন তুলে ধরেছে।