১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা নিয়ে অবস্থান স্পষ্ট করল জাতীয় রাজস্ব বোর্ড– এনবিআর। বৃহস্পতিবার জারি করা আদেশে বলা হয়েছে, বন্ড সুবিধা প্রত্যাহার হবে শুধুমাত্র ১০ থেকে ৩০ সিঙ্গেল কাউন্টের কটন সুতার ক্ষেত্রে।
এনবিআরের আদেশে বলা হয়, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনার লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল পাওয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর জারি করা আদেশে কাস্টমস ট্যারিফের এইচএস কোড এর আওতায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে নেয় এনবিআর। তবে ওয়্যারহাউস লাইসেন্স থাকা রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এ সুতা আমদানির সুযোগ দেওয়া হয়। এতে করে জটিলতা তৈরি হয়।
এবার এনবিআর স্পষ্ট করে জানাল, আগের আদেশে উল্লেখ করা ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা বলতে শুধুমাত্র সিঙ্গেল কাউন্টের সুতা নির্দেশ করবে।


