রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন ব্যবসায়ীরা। তবে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতারা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমদানি থেকে বিক্রি পর্যন্ত ডিজিটাল মনিটরিংয়ের পরামর্শ বিশ্লেষকদের।
জানা গেছে, দেশে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। তবে রমজান মাসে এই চাহিদা বেড়ে দাঁড়ায় ৮০ হাজার থেকে ১ লাখ টনে।
বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। অথচ গত সপ্তাহেও এর দাম ছিল ১০০ টাকার মধ্যে। অন্যদিকে, ছোলার ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায়।
এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ছোলা কিনেছি ১০০ টাকা কেজিতে। এখন কেজিতে ১১০ টাকা করে নিচ্ছে। কয়েক দিন পর হয়তো আরও বাড়বে।
আরেক ক্রেতা বলেন, রমজানের তো বেশ কিছুদিন বাকি। কিন্তু এখনই দেখছি রজমান মাসে ব্যবহৃত নিত্যপ্রয়োজীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
খাতুনগঞ্জের আমদানিকারকেরা জানান, অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন কমায় গত দুই মাসে আমদানির বুকিং দর প্রতি টন ৮৫০ ডলারে উঠেছে। বেড়েছে জাহাজ ভাড়াও।
চাক্তাই-খাতুন ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্যাহ জাহেদী বলেন, ‘ছোলা শতভাগ আমদানি নির্ভর। বিশ্ববাজারে ৭০০ থেকে ৮০০ ডলার প্রতি টনে বেড়েছে। সেটির প্রভাব পড়েছে আমাদের দেশেও।’
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্য হলেও, ছোলার আমদানি শুল্ক বেশি। রোজার ৩ থেকে ৪ মাস আগে থেকে মজুদ করে সরবরাহ সংকটের অজুহাত দেন ব্যবসায়ীরা। ফলে, রোজার আগে এনবিআর শুল্ক প্রত্যাহার করলেও, বাজারে তার প্রভাব পড়ে না।
ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘দাম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের তথ্য ব্যবসায়ীরা দেয়। এখন সেগুলো আসলে কতটুকু সত্য এবং আমাদের দেশে যে ছোলাটা আসছে সেইটার কতটুকু দাম বাড়লো। এখানে অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির ছোলা আছে।’
দেশে ছোলা আমদানি ও বাজারজাতকরণের প্রায় ৯৯ শতাংশই বেসরকারি খাতের হাতে। তাই সরকারের বাজার নিয়ন্ত্রণের সুযোগ কম। তবে, আমদানিকারক থেকে বিক্রেতা পর্যন্ত সবার তথ্য ডিজিটাইজেশনের মাধ্যমে মনিটরিং করলে, কার্যকর সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।