আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে আজ। একথা নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।

তিনি জানান, ৪ থেকে ৫ ঘণ্টা ট্রায়াল রানের সময় বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর, টারবাইন, গ্রিডের পারফরম্যান্সসহ সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করা হবে। 

চেয়ারম্যান জানান, অক্টোবরে ফিশন বা পারমাণবিক বিক্রিয়া শুরুর পর তা সফলভাবে পরিচালিত হয়। তারপর পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী ধাপ সি-এর জন্য চূড়ান্ত অনুমোদন পায় রুপপুর কেন্দ্র। যেখানে জ্বালানি থেকে তাপশক্তির রুপান্তর ধাপে ধাপে বাড়ানো হয়। কমপক্ষে ৪০ শতাংশ তাপশক্তি অর্জনের পর উচ্চচাপের পানি থেকে উৎপাদিত স্টিম বা বাস্প পাইপলাইনে দিয়ে টারবাইন ঘোরানো হয়েছে।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার দিকে জাতীয় গ্রিডের সাথে পরীক্ষামূলকভাবে যুক্ত হবে ইউনিটটি। কয়েক ঘণ্টার পর্যবেক্ষণে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতে পারে। প্রথম ইউনিটের সক্ষমতা পুরোপুরি ব্যবহারে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।