আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ: র‍্যাপিডের গবেষণা 

দেশে ৩৫ শতাংশের বেশি মানুষ এখন আর্থিক সেবার বাইরে। ব্যাংকিং ও আর্থিক সেবায় পুরুষের তুলনায় নারীদের ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫ এ এসব তথ্য উঠে এসেছে। আর্থিক সেবা ৭০ শতাংশে উন্নীত করতে প্রতিবেদনে নারীদের বিশেষ সেবা ও গ্রামীণ ব্যাংকিং বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড। 

দেশে আর্থিক সেবার পরিধি বাড়লেও বৈষম্য রয়ে গেছে নারী-পুরুষ, গ্রাম-শহর এবং ধনী-দরিদ্রের মধ্যে । বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫ বলছে, দেশের ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ আর্থিক সেবার আওতায় রয়েছে।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড।

ব্যাংকিং ও আর্থিক সেবায় পুরুষের তুলনায় নারীদের ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশ। আর্থিক সেবার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে ২৫ কোটি, যার মধ্যে নারীদের হিসাব ১০ কোটি।

র‍্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলাভিত্তিক হিসাবে আর্থিক সেবায় সবচেয়ে এগিয়ে রাজবাড়ী আর পিছিয়ে সিরাজগঞ্জ। আগামী পাঁচ বছরে আর্থিক অন্তর্ভুক্তির ৭০ শতাংশে উন্নীত করার দরকার।’

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ‘আর্থিক সেবায় তরুণ প্রজন্ম এগিয়ে থাকলেও অনেকটাই পিচিয়ে বয়স্ক মানুষ। আর নারী ও পুরুষের আর্থিক অন্তর্ভুক্তির বৈষম্যের পেছনে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, মোবাইল ফোন ও ইন্টারনেট ডেটা ব্যবহারের  অক্ষমতা। তাইতে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিতে হবে।’

শুধু আর্থিক সেবায় নয় মানসম্মত ও গ্রাহকদের আস্থা অর্জনের উপর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ভর করছে বলেও জানান বক্তারা।