মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
একই সময়ে কমেছে ব্যাংক খাতে ছাপানো টাকা বা রিজার্ভ মানিও। চলতি বছরের জুন থেকে আগস্ট, তিন মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, এ বছরের শুরুতে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ দ্রুত বেড়েছিল। জুলাইয়ের শেষে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৬৬৮ কোটি দুই লাখ টাকা। আগস্টে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৯৬ কোটি ৮ লাখ টাকা।
মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার পর যা আর ব্যাংকে ফেরত আসে না, তা-ই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসেবে পরিচিত।


