শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য খাত। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন-বিজিবিএ। দ্রুত সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান বায়িং হাউজের ব্যবসায়ীদের।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ও সহিংসতায় অস্থিরতা পোশাক শিল্পে। মজুরি বোর্ড গঠনের পরও শান্ত হয়নি পরিস্থিতি। এমন অবস্থায় পোশাক খাত নিয়ে সংবাদ সম্মেলন করে বিজিবিএ।
সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, চলমান অস্থিরতা শুধু নতুন পণ্যের উৎপাদন ব্যহত করছে না, প্রস্ততকৃত পণ্যের নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব ঘটাচ্ছে। আগামী মৌসুমের জন্য নির্ধারিত পণ্য সরবরাহে পিছিয়ে পড়ার ফলে বাড়তি খরচ বহণ করতে হতে পারে। ক্রেতাদের কাছ থেকে আসতে পারে মূল্য ছাড়ের চাপ।
অভ্যন্তরীণ অস্থিরতার কারণে এরইমধ্যে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিজিবিএ সভাপতি আবদুল হামিদ পিন্টু। চলমান সংকটের বিরূপ অর্থনৈতিক প্রভাব আগামী তিন মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে প্রতিফলিত হওয়ার আশঙ্কা তার।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক করে তা যেন মালিকদের নাগালে থাকে সে বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানায় বায়িং হাউজের ব্যবসায়ীরা।