দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়।
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর আগে, সবশেষ গত ২১ নভেম্বর সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়।