চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পার হলো। এ সময় যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের ১০ বছর দ্রুতগতির রেল, স্বাস্থ্য-শিক্ষাসহ ৬ খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বে জোর দেয়া উচিত। পোশাক খাতে কৃত্রিম সুতা, দক্ষ জনবল তৈরিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ব্যবসায়ীরা।
গত এক দশকে পদ্মা রেল ব্রিজ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি টানেলসহ বেশকিছু বড় প্রকল্পে অর্থায়ন করেছে চীন। গত বছর এদেশে চীনের বেসরকারি বিনিয়োগের স্থিতি পৌঁছায় ২ বিলিয়ন ডলারে। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় কুনমিং-মিয়ানমার-চট্টগ্রাম রুটে সড়ক যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে। এতে ১৪ দিনে সমুদ্র পথে পণ্য পরিবহণের সময় নামবে দুই দিনে।
২০১৬ সালের অক্টোবরে বিআরআই এ যোগ দেয় বাংলাদেশ। চীনা দূতাবাস জানায়, সমতা, পারস্পরিক উন্নয়নের যাত্রায় বেল্প ও রোড উদ্যোগের সুফল পাবে দুই দেশ।
বিআরআই-এ বাংলাদেশের অন্তর্ভূক্তির ১০ বছরপূর্তিতে গবেষণা প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ বছরে এআই-তথ্যপ্রযুক্তি, জ্বালানি রূপান্তরসহ ৬ গুরুত্বপূর্ণ খাতে চীন ভূমিকা রাখতে পারে।
তরুণ জনগোষ্ঠীর সুবিধা পেতে এদেশে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে অসার আহ্বান জানান ব্যবসায়ীরা। দক্ষ কর্মী গড়ে তুলতে কারিগরি শিক্ষায় দেশটির অংশীদারিত্বের তাগিদও তাদের।
চীনের সঙ্গে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার। কিন্তু প্রায় শতভাগ পণ্যে শুল্কসুবিধা দেয়ার পরও সেদেশে বাংলাদেশের রপ্তানি মাত্র ১ বিলিয়ন ডলারের ঘরে।