দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা নয় দফায় সোনার দাম কমানো হয়েছিল।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়।