শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে বিশ্ববাজারে।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালের বাজার। কম বৃষ্টিপাতে ভারতে চাল উৎপাদন কমে ১৪ কোটি ৭০ লাখ টনে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ড ও ভিয়েতনামেও চালের রফতানি দাম বেড়েছে এবং আগামী বছর খরায় সরবরাহ কমার আশঙ্কা রয়েছে। ভারতে মটর ও মাষকলাই ডালের দামও বেড়েছে।
অন্যদিকে টানা ভারি বৃষ্টি ও খরার কারণে রাবার এবং বিরূপ আবহাওয়ায় চিনির দামও বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন ও এল নিনোর প্রভাব একসঙ্গে যুক্ত হলে একসঙ্গে কয়েকটি এলাকায় ফসল নষ্ট হতে পারে।


