এক দিন দাম কমার পর আবার বেড়েছে সোনার দাম। আজ বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৭ টাকা কমেছিল। এর আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।
গত সপ্তাহে টানা কয়েক দফায় সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। টানা কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এরপর কোনো দিন দাম বেড়েছে, আবার কোনো দিন কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়াও এর অন্যতম কারণ।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।