দেশের কয়েকটি স্থানে আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অর্থায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, দেশজুড়ে শুধু গ্রামীণ ব্যাংকের সদস্য রয়েছে প্রায় ১ কোটি ৭ লাখ। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। সাম্প্রতি ব্যাংকটির শতাধিক শাখা ও কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে ২৯টি শাখার কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। গ্রাহক ও গ্রামীণ ব্যাংক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে দুই একটি জায়গায় সাময়িকভাবে মোবাইল আর্থিক সেবা বন্ধ রয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


