ইপিআই টিকা ও ঢেউটিন কেনার প্রস্তাব অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) ৩৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় মোট দুটি প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা বিভাগ এবং অন্যটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে ইপিআইয়ের টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের নীতিগত অনুমোদন চাওয়া হয়।

অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ঢেউটিন সংগ্রহের নীতিগত অনুমোদন চাওয়া হয়।