শেয়ারদর বাড়ল, কমল লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্টের বেশি বেড়েছে। এসময় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে ৬৬ পয়েন্ট। 

আজ মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ৫ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ২৬ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে।

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। আজ মোট লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকা। এতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টি বা প্রায় ৫৫ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, সামিট এলায়েন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে টেলিকম খাতের রবি । 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ক্রাউন সিমেন্ট, ইউসিবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় মেট্রো স্পিনিং। 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৬৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে। লেনদেন ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।