সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ সময় লেনদেন নেমে এসেছে ৪০০ কোটির ঘরে। শেয়ারদর কমেছে ৭৬ ভাগ কোম্পানির।
সকাল থেকেই শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
খাত সংশ্লিষ্টদের মতে, বাজারে ভালো ও বহুজাতিক কোম্পানির সংকটে টানা দরপতন হচ্ছে। তাই প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের।
সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৪ কোটি ৭৬ লাখ টাকা কম।
আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টি বা প্রায় ৭৭ শতাংশের শেয়ারদর কমেছে। যা বাজারজুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ার বিক্রির চাপের ইঙ্গিত। অন্যদিকে শেয়ার দর বেড়েছে মাত্র ৫৬টি প্রতিষ্ঠানের। এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এনভয় টেক্সটাইলস। দ্বিতীয় প্যারামাউন্ট টেক্সটাইল। তৃতীয় শার্প ইন্ডাস্ট্রিজ।
এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৬১ দশমিক নয় সাত পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২১ কোটি ৩৪ লাখ টাকা।



